বস্তিবাসী ফ্ল্যাট চায় না, চায় নিরাপদ জীবন: নাহিদ ইসলাম

রাজধানীর মিরপুর-১০ এর আদর্শ হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি অভিযোগ করেন, এক পক্ষ সাধারণ মানুষকে কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, আবার অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে যারা পুনরায় ক্ষমতায় গিয়ে জনগণের অর্থ লুটপাটের সুযোগ পাবে।
তারেক রহমানের বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম বলেন, এই ধরনের প্রতিশ্রুতি আসলে বস্তিবাসীদের উচ্ছেদের একটি পরোক্ষ ইঙ্গিত। তিনি দাবি করেন, বস্তিবাসীরা বিলাস বহুল ফ্ল্যাট চায় না, বরং তারা বর্তমান অবস্থানে থেকেও একটি নিরাপদ জীবন চায়। অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা আগে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দিয়েছেন, নির্বাচনের পর তারাই বস্তি উচ্ছেদে লিপ্ত হয়েছেন। বস্তিবাসী এখন এসব ‘মিথ্যা আশ্বাস’ বুঝতে পারে এবং তারা দেশের স্বার্থে ন্যায়ের পক্ষেই অবস্থান নেবে।
নির্বাচন প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকার কড়া বার্তা দেন। তিনি বলেন, কোনো বিশেষ দলকে বাড়তি সুবিধা দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠে থাকবেন। এই নির্বাচনকে কেবল ক্ষমতার লড়াই নয়, বরং বৈষম্য, চাঁদাবাজি, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ‘গণভোট’ হিসেবে উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, যে লক্ষ্য নিয়ে আন্দোলন হয়েছিল, তা এখনো পুরোপুরি সফল হয়নি। তাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে এবং এই নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে আন্দোলনকে বিজয়ের উল্লাসে রূপান্তর করতে হবে।
ঢাকা-১৫ আসন কমিটির পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এবং বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীরা। বক্তারা সবাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।