↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি ২০২৬, ৬:৩২ পি.এম

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে বিশেষ বাণী প্রদান করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৩ জানুয়ারি) দেওয়া এক বাণীতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “এদেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।

দেবী সরস্বতীর তাৎপর্য তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী হিসেবে পরিচিত এবং মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। এই পবিত্র উৎসবের দিনে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, মানুষের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য সীমাবদ্ধ না থেকে সমাজের সামগ্রিক মঙ্গলের জন্য ব্যবহৃত হয়।

প্রধান উপদেষ্টা আরও আহ্বান জানান যেন মানুষ অর্জিত জ্ঞান দিয়ে অন্যের সাহায্য করে এবং দুর্বলদের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলে। সবশেষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।