↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি ২০২৬, ১:৩৩ এ.এম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনি সফর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনি প্রচার-প্রচারণা কর্মসূচির পরবর্তী গন্তব্য নির্ধারিত হয়েছে। আগামী কর্মসূচিতে তিনি পর্যায়ক্রমে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলা সফর করবেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, জনাব তারেক রহমানের এই তৃতীয় দিনের নির্বাচনি সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

গৃহীত সূচি অনুযায়ী, বিএনপি চেয়ারম্যান আগামী রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন। এই অনুষ্ঠানে দলের নীতিনির্ধারণী দিক, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে একটি বিশাল জনসমাবেশে বক্তব্য দেবেন তিনি। এই সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর ও আশপাশের জেলাগুলোতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের কর্মসূচি শেষ করে জনাব তারেক রহমান ফেনীর উদ্দেশে রওনা হবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আয়োজিত জনসমাবেশে তিনি নির্বাচনি ভাষণ দেবেন। ফেনীর সফর শেষে তাঁর পরবর্তী গন্তব্য কুমিল্লা। কুমিল্লায় তিনি মোট তিনটি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকা।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিএনপি চেয়ারম্যান নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে একটি জনসমাবেশে যোগ দেবেন। নারায়ণগঞ্জের এই সমাবেশ শেষ করে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের এই ঝটিকা সফর দলীয় নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।