নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য ‘ইলেকশন হটলাইন’ চালু করেছে বিএনপি
নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান, ভোটারদের অভিযোগ গ্রহণ এবং জনমত সংগ্রহের লক্ষ্যে বিশেষ ‘ইলেকশন হটলাইন’ সেবা চালু করেছে বিএনপি। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি জানান, সাধারণ মানুষের সুবিধার্থে ১৬৫৪৩ নম্বরটি হটলাইন হিসেবে কাজ করবে। এর পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ হটলাইনও সচল করা হয়েছে। এই সেবাগুলো চালুর পর থেকেই বিপুলসংখ্যক মানুষ এরই মধ্যে দলের সঙ্গে যোগাযোগ করেছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
দলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে ড. মাহদী আমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ধানের শীষের পক্ষে একটি ‘গণজোয়ার’ সৃষ্টি করেছে।