↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি ২০২৬, ৩:৪২ পি.এম

যুবকদের বেকার ভাতা নয়, কাজ দেওয়া হবে: জামায়াত আমির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, তার দল ক্ষমতায় গেলে যুবকদের বেকার ভাতা দেবে না, বরং কাজের সংস্থান করবে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, বেকার ভাতা মূলত বেকার তৈরির কারখানা হিসেবে কাজ করে। তাই জামায়াত যুবকদের দক্ষ করে জনসম্পদে রূপান্তর করতে চায়, যাতে তারা সরাসরি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে।

উত্তরাঞ্চলের উন্নয়ন নিয়ে জামায়াত আমির তার বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক রাজধানী হিসেবে গড়ে তোলার পাশাপাশি এখানে ইপিজেড (EPZ) স্থাপন করা হবে। এছাড়া উত্তরবঙ্গে যে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি জানান। এলাকার মরা নদীগুলো সচল করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে।

বক্তব্যে তিনি ছাত্র-জনতার আন্দোলনের শহীদ আবু সাঈদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, “উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে আমরা সবাই ঋণী। আমরা আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই।” একইসাথে তিনি গত ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন ও চাঁদাবাজি থেকে দেশবাসীকে পরিত্রাণ পেতে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

গাইবান্ধা-৩ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপা সভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহসহ স্থানীয় প্রার্থীরা।