‘দাঁড়িপাল্লা নিয়ে যারা ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল’: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে আসছে, তারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিযাপুর ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী হিন্দু সম্প্রদায়ের অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, একাত্তরে যাদের কারণে মানুষকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল এবং যাদের হাতে ঘরবাড়ি লুটতরাজ হয়েছিল, তারাই আজ দাঁড়িপাল্লা নিয়ে ভোটের মাঠে নেমেছে। তিনি উপস্থিত জনগণের কাছে প্রশ্ন রাখেন, তারা স্বাধীনতার পক্ষে ছিল না কি বিপক্ষে ছিল?
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজমান আতঙ্ক ও ভয়ের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “অনেকে আমাকে বলেছেন—আমরা ধানের শীষে ভোট দেওয়ার পর আপনারা যখন থাকবেন না, তখন যদি দাঁড়িপাল্লার লোকজন আমাদের ক্ষতি করে?” এই ভয়ের জবাবে তিনি আশ্বস্ত করে বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা কোনো ভয় পাবেন না। এই দেশ ও মাটি সবার সমান। একজন মুসলমানের যেমন অধিকার আছে, আপনাদেরও ঠিক তেমনি অধিকার আছে। অতীতেও বিএনপি আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করার ইতিহাস টেনে তিনি বলেন, “আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, কোথাও যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।” এ সময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর মাধ্যমে জনসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে তিনি স্বাধীনতার সপক্ষের শক্তিকে বিজয়ী করতে এবং বিএনপির হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় ঠাকুরগাঁও জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের মো. খাদেমুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।