↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি ২০২৬, ৩:৫৭ এ.এম

সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান শিক্ষা উপদেষ্টার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সিআর আবরার মন্তব্য করেছেন যে, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনের বিষয় নয়, বরং এটি নাগরিকত্ব ও সামাজিক দায়বদ্ধতা গঠনের একটি ক্ষেত্র। শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০২৬ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আসন্ন নির্বাচন ও নতুন বাংলাদেশ গঠনের প্রেক্ষাপট উল্লেখ করে উপদেষ্টা বলেন, তরুণদের চিন্তা-ভাবনা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। তিনি জোর দিয়ে বলেন, প্রতিষ্ঠানগত পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এমনকি জাতীয় সংসদসহ রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন স্তরে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি। উপদেষ্টার মতে, রাষ্ট্র জনগণের করের টাকায় পরিচালিত হয় এবং জনগণই এর প্রকৃত মালিক, যেখানে বড় একটি অংশই হলো তরুণ সমাজ।

তরুণদের অংশগ্রহণ নিয়ে তিনি আরও বলেন, “আমরা টোকেনিজম চাই না, চাই অ্যাকটিভ পার্টিসিপেশন ও এনগেজমেন্ট”। অর্থাৎ তরুণদের উপস্থিতি যেন কেবল নামমাত্র না হয়ে বাস্তব ও কার্যকর হয়, সেদিকে নজর দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন যে, একসময় তরুণ প্রজন্ম নাগরিক অধিকার হারানোর শঙ্কায় থাকলেও তারাই পরিবর্তনের পথ দেখিয়েছে।

শিক্ষার পরিবেশ নিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু পাঠদান নয়, বরং সংগঠন, ক্লাব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজনীয় রিসোর্স মোবিলাইজেশন ও সহায়তাকর পরিবেশ তৈরির ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুযোগ নিশ্চিত করতে একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও তিনি সভায় জানান।

সমাজে বাড়তে থাকা বৈষম্য ও অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা বলেন, সংস্কৃতি, পরিচয় কিংবা শারীরিক সীমাবদ্ধতার কারণে কাউকে হেয় করা অনুচিত। এ ধরনের একমাত্রিক ও সংকীর্ণ চিন্তাভাবনার বিরুদ্ধে তরুণদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সারভীনা মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব রেহানা পারভীন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো বাংলাদেশের প্রধান সুজান ভাইজ।