ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের

বিএনপি ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
জনাব তারেক রহমান তাঁর বক্তব্যে দেশের সার্বিক উন্নয়নের জন্য দুটি প্রধান বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিগত দিনে বাংলাদেশের মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার সময় প্রমাণ করেছে যে, কেবল তারাই সফলভাবে এই সংকট মোকাবিলা করতে পারে।
জননিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের জন্য এমন পরিবেশ নিশ্চিত করা হবে যাতে সবাই নিরাপদে ব্যবসা, চাকরি ও স্বাভাবিক চলাফেরা করতে পারে। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন নিজ দলের কেউ অপরাধ করলেও তাকে ছাড় দেওয়া হয়নি। আগামী দিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হাতে নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষের নির্বিঘ্ন জীবিকা নির্বাহ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
দুর্নীতি প্রসঙ্গে জনাব তারেক রহমান বলেন, “ক্ষমতায় গেলে যেকোনো মূল্যে বিএনপি সরকার দুর্নীতির টুঁটি চেপে ধরবে—এটি দেশবাসীর কাছে আমাদের বড় অঙ্গীকার।” তিনি অভিযোগ করেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সরকার দুর্নীতি করে দেশকে পিছিয়ে দিয়েছিল, যা পরবর্তীতে বিএনপি ক্ষমতায় এসে পুনরুদ্ধার করে। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের কাছে অপরাধীর অন্য কোনো পরিচয় থাকবে না।
চট্টগ্রামের সাথে নিজের ও পরিবারের আবেগের সম্পর্কের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এই পুণ্যভূমি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই মাটি থেকেই খালেদা জিয়া ‘দেশনেত্রী’ উপাধি পেয়েছিলেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের এই আন্দোলন। বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল দাবি করে তিনি বলেন, জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দিতেই ছাত্র-জনতা রাজপথে আন্দোলন করেছে। একটি টেকসই পরিবর্তনের লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।