ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রভাব খাটানো বরদাশত করা হবে না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নির্বাচন কমিশনার চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সদস্যদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রে ভিড় জমানো বা রাজনৈতিক প্রভাব খাটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, “আমাদের হাতেই ভোট নিরাপদ।” ভোটারদের মধ্যে বিশেষ করে প্রতিবন্ধীদের ভোটকেন্দ্রে যাতায়াতে সহযোগিতা করার নির্দেশ দেন তিনি, যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারেন।
নির্বাচনী ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এবার একটি বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। ইসি জানান, ভোটকেন্দ্রে কলমের পরিবর্তে পেন্সিল ব্যবহার করা হবে, যাতে কেউ ইচ্ছাকৃতভাবে কারও ভোট নষ্ট করতে না পারে। এছাড়া পোস্টাল ভোট এবং ‘হ্যাঁ’ ভোট সম্পর্কে ভোটারদের সচেতন করার কার্যক্রম অব্যাহত রাখার ওপরও তিনি জোর দেন।
মাঠপর্যায়ের তদারকি সম্পর্কে তিনি জানান, প্রতিটি নির্বাচনী এলাকায় প্রায় ১০ জন ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল বিচারক তিনটি ভাগে কাজ করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো একপেশে নির্দেশনা কমিশন থেকে দেওয়া হবে না। নিয়মিত বাহিনীর পাশাপাশি শীঘ্রই বিএনসিসি সদস্যদের নির্বাচনী কাজে নিয়োগের বিষয়ে চিঠি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের অর্থনীতি, বিনিয়োগ ও বহির্বিশ্বে ভাবমূর্তি এই নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভরশীল, তাই একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা অপরিহার্য।