↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি ২০২৬, ১০:২১ এ.এম

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাগেরহাটের নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) এম এ এইচ সেলিমের এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে এই হামলার শিকার হন আলমগীর কাজী (৪৮) নামে এক ব্যক্তি। আহত আলমগীরকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলমগীর কাজীর বর্ণনা অনুযায়ী, তিনি এবং তাঁর বড় ভাই স্বতন্ত্র প্রার্থী সেলিমের অনুসারী। সোমবার সকালে তাঁর বড় ভাই নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। ওই সময় বাগেরহাট-২ আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ জাকিরের সমর্থকদের সঙ্গে তাঁর ভাইয়ের তর্কাতর্কি হয়। আলমগীর কাজী জানান, তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে কাঠের টুকরা দিয়ে তাঁর ওপর হামলা করা হয়। এতে তাঁর মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে এবং নাকে তিনটি সেলাই দিতে হয়েছে।

হামলার খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম হাসপাতালে আহত কর্মীকে দেখতে যান। এ সময় তিনি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, নির্বাচন উৎসবমুখর হওয়া উচিত এবং সবার জন্য সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। এমন হামলা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়েছেন এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, এম এ এইচ সেলিম বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে জেলা কমিটিতে তাঁর কোনো পদ নেই।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানিয়েছেন, হামলার ঘটনাটি নিয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।