১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, গত ১৭ বছর ধরে দেশবাসী কেবল বড় বড় গল্পই শুনেছে, কিন্তু বাস্তবে তাদের কোনো সমস্যার সমাধান হয়নি। তিনি বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর উত্তরার আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাত দেড়টার দিকেও জনসভাস্থল কানায় কানায় পূর্ণ ছিল।
জনাব তারেক রহমান বলেন, “বিগত ১৭ বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার সমাধান আমরা দেখিনি। সারা দেশের মানুষ প্রতি মাসে ঠিকমতো গ্যাস বিল পরিশোধ করলেও তারা পর্যাপ্ত গ্যাস পান না।” তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়গুলোতে দেশে নতুন কোনো গ্যাসকূপের সন্ধান করতে দেওয়া হয়নি, যা জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করেছে।
দেশবাসীর সামনে পরিবর্তনের অঙ্গীকার তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নতুন মিল, ফ্যাক্টরি ও কলকারখানা তৈরি করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। তিনি বিশ্বাস করেন, জাতি ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে দেশের সকল সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের এসব সমস্যার স্থায়ী সমাধান করতে হলে গণমানুষের সমর্থন অপরিহার্য। তাই আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটকে শক্তিতে রূপান্তরিত করার জন্য তিনি ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতেই বিএনপি বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।
বক্তব্যে চব্বিশের জুলাই আন্দোলনে উত্তরার ছাত্র-জনতার সাহসী ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, এই আন্দোলনে উত্তরার মানুষের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পরিশেষে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ জানান।
এই নির্বাচনী জনসভায় তারেক রহমানের সহধর্মিণীসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।