↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯ জানুয়ারি ২০২৬, ২:১৫ এ.এম

টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন বিএনপি চেয়ারম্যান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশে ফেরার পর এটিই তাঁর প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎকার, যেখানে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর রূপকল্প এবং নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর পরিকল্পিত উন্নয়নের মাত্র ৩০ শতাংশ বাস্তবায়ন করতে পারলেও তিনি দেশের মানুষের পূর্ণ সমর্থন পাবেন।

টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে জনাব তারেক রহমানকে এক ‘পরিবর্তনের রূপকার’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজকীয় উত্তরসূরি হওয়া সত্ত্বেও দীর্ঘ নির্বাসন শেষে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। তিনি এমন এক ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছেন, যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকবে এবং সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার সুরক্ষিত হবে।

সাক্ষাৎকারে জনাব তারেক রহমান তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক দায়বদ্ধতা নিয়ে কথা বলেন। তিনি জানান, শুধু পারিবারিক পরিচয়ে নয়, বরং দলের সমর্থকদের আস্থার কারণেই তিনি রাজনীতিতে রয়েছেন এবং এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রতিবেদনে সাম্প্রতিক জনমত জরিপের বরাতে বলা হয়েছে, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।

বিগত শাসনামলের দুর্নীতির অভিযোগ, বিশেষ করে ‘খাম্বা বিতর্ক’ প্রসঙ্গে তারেক রহমান সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে হওয়া মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অন্তর্বর্তী সরকার সেগুলো বাতিল করেছে। তিনি স্পষ্ট করে বলেন, কেউ অপরাধ করলে তার বিচার হওয়া উচিত, তবে তা যেন রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে না হয়।

উন্নয়ন পরিকল্পনা নিয়ে জনাব তারেক রহমান জানান, তিনি ১২ হাজার মাইল খাল খনন, বছরে ৫ কোটি গাছ লাগানো এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছেন। এছাড়া ঢাকার জন্য ৫০টি উন্মুক্ত সবুজ স্থান এবং প্রবাসী শ্রমিক ও কৃষকদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালুর কথা উল্লেখ করেন তিনি। টাইম ম্যাগাজিন তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উচ্চ মূল্যস্ফীতি এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে চিহ্নিত করেছে।

সাক্ষাৎকারের শেষাংশে লন্ডনে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন তারেক রহমান। তিনি জানান, নির্বাসনে থাকাকালীন তিনি রিচমন্ড পার্কে ঘুরে বেড়াতে বা ইতিহাসের বই পড়তে পছন্দ করতেন। নিজের পছন্দের সিনেমা হিসেবে ‘এয়ার ফোর্স ওয়ান’-এর নাম উল্লেখ করে তিনি বলেন, সিনেমাটি তিনি অন্তত আটবার দেখেছেন।