‘দলের নামে ইসলাম থাকলেই ইসলাম হয়ে যায় না’: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে বলেছেন, “দলের নামে ইসলাম থাকলেই তো ইসলাম হয়ে যায় না। এরকম হলে তো যত নুরুল ইসলাম আছে সবাই ইসলাম হয়ে যেত।” বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চকরিয়া উপজেলার উত্তর হারবাং ও বরইতলী হিন্দুপাড়ায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, জামায়াত কোনো রাজনৈতিক কর্মসূচি বা ইশতেহার না দিয়ে কেবল ধর্মের দোহাই দিয়ে ধোঁকাবাজির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, “তারা যদি তাদের পরিকল্পনা কিংবা ইশতেহার দিতো মানুষ পছন্দ করলে তাদের ভোট দিত। এটাই রাজনীতি ও এটাই গণতন্ত্রের চর্চা।” অথচ তারা এসব না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে তিনি দাবি করেন।
নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি নেতা বলেন, গত কয়েক দিনে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী সারা দেশে উত্তেজনা ও মিছিল-মিটিং করছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তা দেখার জন্য সরকার, নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। প্রতিবাদের ভাষা হতে হবে নিয়মতান্ত্রিক, কোনোভাবেই উচ্ছৃঙ্খলতা কাম্য নয়।
যারা মাঠ উত্তপ্ত করে গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের হুঁশিয়ারি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে এবং ষড়যন্ত্রকারীদের জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে। বিএনপির পরিকল্পনাকে যারা ‘অবাস্তব’ বলছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দলটির নেতা তারেক রহমানের নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই তারা এগোচ্ছেন।
পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।