↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ৩০ জানুয়ারি ২০২৬, ৩:০৫ পি.এম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাক্ষাৎ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাপ্রধানের কার্যালয়ে গিয়ে এই সাক্ষাৎ সম্পন্ন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই উচ্চপর্যায়ের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পোস্টে সাক্ষাতের কিছু ছবি শেয়ার করে জানানো হয়, বৈঠককালে তারা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। বিশেষ করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য যে, ব্রেন্ট ক্রিস্টেনসেন গত ১২ জানুয়ারি নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি অত্যন্ত পরিচিত মুখ। এর আগে চার বছর আগে তিনি ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

নতুন রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের পর এই সৌজন্য সাক্ষাৎটি দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।