সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর: মাত্র ২০ হাজার টাকায় দেশে ফেরার সুযোগ

সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের এক যুগান্তকারী সুযোগ তৈরি হয়েছে। এখন থেকে প্রবাসীরা বিশেষ সুবিধায় মাত্র ২০ হাজার ৫০০ টাকায় দেশে ফেরার টিকিট সংগ্রহ করতে পারবেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তার মাধ্যমে সরকারের এই বিশেষ উদ্যোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরে জানান, সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট ৮০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগে যে একমুখী ফাঁকা ফ্লাইট যাওয়ার চর্চা ছিল, সেটিকে কাজে লাগিয়ে প্রবাসীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ইতিহাসে প্রথমবারের মতো অতিরিক্ত ১০০ কোটি টাকার বেশি আয় করবে বলে আশা করা হচ্ছে।
ভাড়ার কাঠামো অনুযায়ী, মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। যারা যাওয়া-আসা বা রিটার্ন টিকিট কাটতে চান, তাদের জন্য সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৪২ হাজার টাকা। প্রবাসীরা এই বিশেষ সুবিধা ব্যবহার করে আগামী ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত বাংলাদেশে আসতে পারবেন। অন্যদিকে, বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।
সরকারের এই পদক্ষেপকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সময়োপযোগী সিদ্ধান্তের জন্য তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, এই ধরনের বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে, অনেক ভালো উদ্যোগ সঠিক তদারকির অভাবে মুখ থুবড়ে পড়ে। তাই এই বিশেষ বিমান সেবাটি যেন শতভাগ কার্যকর থাকে, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।