দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) খুলনায় জেলা ও মহানগর বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতার আগমনের খবরে খুলনার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে খুলনার শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সফরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৈঠকে খুলনা-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল এবং খুলনা-৫ আসনের প্রার্থী আলি আসগর লবিসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র মতে, এই সমাবেশকে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। প্রায় ৮ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্য নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা ও মিডিয়াসহ মোট ৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। জনসভার জন্য ঢাকা থেকে বিশাল মঞ্চ ও আধুনিক সাউন্ড সিস্টেম আনা হচ্ছে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, জনাব তারেক রহমানের এই সফর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য নতুন প্রেরণার উৎস। তিনি উল্লেখ করেন, ২২ বছর পর প্রিয় নেতাকে নিজের শহরে দেখতে পাওয়া নেতাকর্মীদের কাছে আবেগ ও গর্বের বিষয়। খুলনাকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের আগে এই সফর ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনতে মাইলফলক হিসেবে কাজ করবে।
এদিকে, জনসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, জনাব তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে খুলনা সফর করেছিলেন।