↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ৩১ জানুয়ারি ২০২৬, ৪:২০ পি.এম

ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের ভিসার আবেদন: ধর্ম মন্ত্রণালয়

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চলতি বছরের হজযাত্রীদের ভিসার আবেদন প্রক্রিয়ার তারিখ ও আনুষঙ্গিক নির্দেশনা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত ২৯ জানুয়ারি প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের ভিসার আবেদন শুরু হবে এবং এই প্রক্রিয়া চলবে ২০ মার্চ পর্যন্ত।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে যারা ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের জন্য বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত নীতি অনুযায়ী, সব হজযাত্রীকে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এই ফিটনেস সনদ গ্রহণের পর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার (Nusuk Masar) সিস্টেমের মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি এবং দেশে অবস্থানরত সকল হজযাত্রীকে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা নিয়ে দ্রুত ফিটনেস সনদ সংগ্রহ করার অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এবার ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী সৌদি আরবে হজের উদ্দেশ্যে গমন করতে পারবেন না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের প্রস্তুতি এগিয়ে নিতে আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।