প্রকাশ্যে ‘হ্যাঁ’ বলে গোপনে ‘না’র প্রচার চালাচ্ছে একটি দল: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন যে, একটি রাজনৈতিক দল আসন্ন গণভোটে দ্বিমুখী নীতি অবলম্বন করছে। তিনি দাবি করেন, ওই দলটি জনসম্মুখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বললেও তলে তলে ‘না’ ভোটের সপক্ষে প্রচারণা চালাচ্ছে। শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রামের স্থানীয় এইচজে সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে মামুনুল হক বলেন, “কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ আর তাদের মেনে নেবে না।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি নির্বাচনি প্রচারণার পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, একটি দল নিজেদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন ভীরু ও কাপুরুষের মতো নারীদের ওপর হামলা চালাচ্ছে। হিজাব নিয়ে টানাটানি বা নারীদের হেনস্তা করার মতো ঘটনার তীব্র সমালোচনা করে তিনি উপস্থিত কর্মীদের নির্দেশ দেন যে, কেউ যদি মা-বোনদের দিকে ভুল দৃষ্টিতে তাকায় বা আঘাত করে, তবে তাকে শক্তভাবে প্রতিহত করতে হবে।
নারী সমাজের নিরাপত্তার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, যদি পুনরায় নারীদের গায়ে হাত তোলা হয়, তবে দেশে এমন আগুন জ্বলবে যা নেভানোর মতো কেউ থাকবে না।
সমাবেশে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ভোটারদের শুধু ভোট দিলেই চলবে না, বরং ভোটকেন্দ্র পাহারাদারিও করতে হবে। কোনো পক্ষ ভোট চুরি করতে এলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।