↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৯ পি.এম

নির্বাচন ঘিরে প্রতারক চক্রের ফোনকল ও আর্থিক লেনদেনে ইসির সতর্কবার্তা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সক্রিয় হওয়া একটি প্রতারক চক্রের হাত থেকে কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

ইসি জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানি প্রদানের কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চক্রটি কর্মকর্তাদের কাছ থেকে তাদের ব্যক্তিগত বিকাশ নম্বর সংগ্রহের পাঁয়তারা চালাচ্ছে। এ কাজে তারা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৮ নম্বর দুটি ব্যবহার করে কর্মকর্তাদের কাছে প্রতারণামূলক ফোনকল করছে বলে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান পরিষ্কার করে বলা হয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে স্ব স্ব কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিধি অনুযায়ী সম্মানি প্রদান করা হবে। এটি একটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া এবং এর জন্য কোনো আলাদা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।

কমিশন আরও উল্লেখ করেছে, সরাসরি মাঠ পর্যায়ে প্রিসাইডিং অফিসারের মাধ্যমেই সম্মানি পরিশোধ নিশ্চিত করা হবে। তাই প্রতারক চক্রের এই ধরনের কোনো ফোনকল বা প্রস্তাবে কর্মকর্তাদের সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নির্বাচনী কার্যক্রমকে স্বচ্ছ ও বিঘ্নমুক্ত রাখতে কর্মকর্তাদের সচেতনতার ওপর জোর দিচ্ছে কমিশন। এ ধরনের কোনো সন্দেহজনক ফোনকল পেলে যাচাই না করে কোনো আর্থিক তথ্য বা নম্বর আদান-প্রদান না করার জন্য ইসি সংশ্লিষ্টদের সতর্ক করেছে।