↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৫ পি.এম

ফরিদপুর বিভাগ গঠন ও নদী ভাঙন রোধে কাজ করবে বিএনপি: তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি জনগণের সমস্যার সমাধান হয়, তবে বিএনপি তা বাস্তবায়ন করবে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।

জনাব তারেক রহমান দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ফরিদপুর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন এবং বিকেল ৩টা ২১ মিনিটে জনসভায় বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি দেশের বর্তমান উন্নয়ন ব্যবস্থার সমালোচনা করে বলেন, যদি সত্যিই ব্যাপক উন্নয়ন হয়ে থাকে, তবে প্রার্থীরা কেন এত সমস্যার কথা বলছেন? তিনি স্মরণ করিয়ে দেন যে, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ এবং একটি জবাবদিহিমূলক সরকারই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা নদী ভাঙন। এই সমস্যা সমাধান করতে পারলে বৃহত্তর ফরিদপুরের অন্যতম অর্থকরী ফসল পাট বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কৃষকদের কাছে সরাসরি বীজ ও সার পৌঁছে দেওয়া হবে।

বেকারত্ব নিরসনে জনাব তারেক রহমান বলেন, দেশের প্রতিটি এলাকায় ওই এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী কলকারখানা স্থাপন করা হবে, যাতে তরুণরা সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। এছাড়া নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের কথা উল্লেখ করেন তিনি, যার মাধ্যমে খেটে খাওয়া পরিবারগুলো সরাসরি সরকারি সহায়তা পাবে।

নির্বাচনী এই জনসভায় ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।