↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৯ পি.এম

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের প্রাপ্য অধিকার ও সম্মান নিশ্চিত করা হবে: মির্জা ফখরুল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা এবং তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। গত বুধবার (৪ জানুয়ারি) রাত ১০টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে জুলাই আন্দোলনের যোদ্ধা ও তাদের পরিবারবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

আন্দোলনের বীর সন্তানদের ত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনে তরুণদের সাহসী ও দৃঢ় ভূমিকা ছিল অভাবনীয়। এই সম্মিলিত শক্তির কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। তিনি জানান, আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসায় বিএনপি সব ধরনের পদক্ষেপ নেবে এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

ফ্যাসিস্ট সরকারের আমলের অপরাধীদের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেন, যারা ফ্যাসিস্ট কায়দায় অপরাধ করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জুলাই যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আশ্বস্ত করেন।

ঠাকুরগাঁও জেলার উন্নয়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় ধরে ঠাকুরগাঁও একটি অবহেলিত ও দরিদ্র জেলা হিসেবে রয়ে গেছে। বিগত সরকারগুলো এখানে বড় কোনো কলকারখানা বা উন্নয়নের কাজ করেনি। বিএনপি ক্ষমতায় গেলে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে বলে তিনি জানান। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ফার্ম প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার প্রসার এবং আইটি খাতে দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি, যাতে তরুণরা ঘরে বসেই আয়ের সুযোগ পায়।

উক্ত সভায় তিনি ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন এবং জুলাই আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মী ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।