↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৭ পি.এম

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী। বুধবার বিকেলে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে দলীয় প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন জানান, এবার জনাব তারেক রহমানের নির্বাচনী সফর সড়ক পথে নয়, বরং তিনি হেলিকপ্টার যোগে রংপুর বিভাগের এই তিন জেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। তবে সফরের তারিখ ৭ ফেব্রুয়ারি নির্ধারিত হলেও সময় এখনো চূড়ান্ত হয়নি। নিরাপত্তা পরিস্থিতি, আবহাওয়া এবং সফরসূচি নির্ধারকদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সঠিক সময় জানানো হবে।

সফরকালে জনাব তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে শাহরিন ইসলাম তুহিনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তিনি।

দিনাজপুরে জনাব তারেক রহমানের এই নির্বাচনী জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে এরই মধ্যে প্রস্তুতিমূলক বৈঠক সম্পন্ন হয়েছে। ডা. জাহিদ হোসেন জানান, সাংগঠনিকভাবে তারা এই সফরকে সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন।

নির্বাচনী জনসভার পাশাপাশি ওই দিন জনাব তারেক রহমানের পারিবারিক কিছু কর্মসূচিও রয়েছে। তিনি দিনাজপুরে তাঁর প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।