↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৩ পি.এম

ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতি ও ৫১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবারের ইশতেহারে ৫টি প্রধান ভাগের অধীনে ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঘোষিত এই ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। এ ছাড়া কৃষকদের সুরক্ষা দিতে ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে, যার আওতায় ভর্তুকি, সহজ ঋণ ও কৃষি বীমা সুবিধা পাবেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বড় পরিবর্তনের অঙ্গীকার করেছে দলটি। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়তে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।

তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর বাজার তৈরির ওপর জোর দিয়েছে বিএনপি। বিশেষ করে ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম ‘পেপাল’ চালু এবং ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার ধারাবাহিকতাই এই ইশতেহারের মূল ভিত্তি। বিএনপি জানিয়েছে, এটি কেবল একটি নির্বাচনি প্রতিশ্রুতি নয়, বরং এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। প্রতিহিংসা নয়, বরং ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে দলটি একটি অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তুলতে চায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি-বিদেশের কূটনৈতিক প্রতিনিধি, সাংবাদিক ও দলের জ্যেষ্ঠ নেতারা। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনের পর এবারই প্রথম তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তাদের পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার জনগণের সামনে পেশ করল।