আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল, নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং সরকার এই অগ্রগতিতে আনন্দিত।
প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন যে, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি সফল হলেও এখনকার প্রধান চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে পরবর্তী এক সপ্তাহকে অত্যন্ত ‘ক্রুশিয়াল’ বা গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা দেশজুড়ে চলমান নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, সারা দেশে বর্তমানে অত্যন্ত উৎসাহী এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচার-প্রচারণা চলছে।
অধ্যাপক ইউনূস আরও বলেন, বর্তমান নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কটু কথা বা কোনো ধরণের অভদ্র আচরণ করছেন না। বিষয়টিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি বড় ধরণের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন তিনি।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সতর্কতামূলক পদক্ষেপ এবং প্রস্তুতি অব্যাহত রয়েছে। এখন সবার নজর নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের এই গুরুত্বপূর্ণ সময়ের দিকে।