স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে বলেছেন, যারা বর্তমানে ন্যায়-ইনসাফ ও কুরআন-সুন্নাহর আলোকে দেশ পরিচালনার কথা বলছেন, স্বাধীনতার সময় তাদের সেই ইনসাফ ছিল না। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ্যানি জামায়াতের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, “যেভাবে লাফালাফি ও গায়ে পড়ে ঝগড়া-বিবাদ করা হচ্ছে, তা মানুষ পছন্দ করছে না।” তিনি দাবি করেন, বাংলাদেশে প্রকৃত ইনসাফের রাজনীতি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং কল্যাণের রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়া।
বক্তব্যে তিনি ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপির ভূমিকার কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমানই সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্ত করে আলেম-ওলামাদের যথাযথভাবে সম্মানিত করেছেন। খালেদা জিয়াও সেই ধারা অব্যাহত রেখেছেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ, কল্যাণ, সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র গঠিত হবে এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ এবং লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।