‘বিএনপি একমাত্র দল, যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে’: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশে একমাত্র বিএনপিই এমন একটি দল যাদের দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। সোমবার (৯ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধূপখোলার মাঠে আয়োজিত এক বিশাল মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনাব তারেক রহমান তার বক্তব্যে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার স্মৃতি চারণ করেন। তিনি বলেন, ঢাকা-৬ আসন থেকে সাদেক হোসেন খোকা বারবার নির্বাচিত হয়েছেন এবং গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে রক্তাক্ত হয়েছেন। সেই আসনেই এবার ধানের শীষের হাল ধরেছেন তার পুত্র ইশরাক হোসেন। জনাব তারেক রহমান বিশ্বাস করেন, ইশরাক পুরান ঢাকার অলিগলির সমস্যা সম্পর্কে অবগত এবং তিনি বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে এর পুরনো গৌরব ফিরিয়ে আনবেন।
দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরে দেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তা থেকে দেশকে বের করে আনা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। এর কারণ হিসেবে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে সরকারের অনুমতির প্রয়োজন ছিল না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পরবর্তী নাজুক পরিস্থিতি থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে স্থিতিশীল করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে চাঁদাবাজি ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করে নারী ও ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছিল।
জনাব তারেক রহমান আরও যোগ করেন যে, দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং নারী শিক্ষার প্রসারে বিএনপির কার্যকর অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সেই রোডম্যাপ নিয়েই বিএনপি আগামী দিনে এগোতে চায়। এই মহাসমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।