↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৪ এ.এম

সূত্রাপুরে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণ: জামায়াত নেতার দুই দিনের কারাদণ্ড

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাজধানীর ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে এক জামায়াত নেতাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির বলে নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আটকের সময় হাবিবের কাছে নগদ টাকা পাওয়া গেছে। তবে তার কাছ থেকে ঠিক কত টাকা উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, সাধারণ মানুষকে টাকা দেওয়ার সময় স্থানীয় লোকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ডিসি।

টাকা বিতরণের অভিযোগের বিষয়ে দণ্ডপ্রাপ্ত মো. হাবিব দাবি করেছেন, তিনি কোনো অসৎ উদ্দেশ্যে টাকা দিচ্ছিলেন না। তার দাবি অনুযায়ী, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের চা-নাস্তার খরচ বাবদ খামে করে ৫০০ টাকা করে বিতরণ করছিলেন তিনি। তবে নির্বাচনের আগের দিন কেন্দ্রের সামনে এভাবে অর্থ লেনদেন নির্বাচন সংশ্লিষ্ট বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় আদালত এই শাস্তি প্রদান করে।