↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১ এ.এম

‘যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন’: ভোটারদের প্রতি তারেক রহমানের আহ্বান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারম্যান এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব তারেক রহমান ভোটারদের প্রতি তাদের ভোটাধিকার প্রয়োগের জোরালো আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে জনাব তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যেন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি ভোটারদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরে লেখেন, “যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।”

ভোটাররা যেন ভোটকেন্দ্রে গিয়ে নির্বাচিত প্রতিনিধিদের ওপর দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন, সেই প্রত্যাশা জানিয়ে তিনি আরও বলেন, “কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।” ধানের শীষ প্রতীকে নির্বাচিত প্রার্থীরা যেন ভবিষ্যতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, সে বিষয়েও অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেখানে বিএনপি জয়ী হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। পোস্টের শেষাংশে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি তাঁর বার্তাটি শেষ করেন ‘করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানের মাধ্যমে।