↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৬ এ.এম

নির্বাচনকে ‘সুপরিকল্পিত প্রহসন’ আখ্যা, বাতিল ও নতুন নির্বাচনের দাবি শেখ হাসিনার

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনকে ‘সুপরিকল্পিত প্রহসন’ এবং ‘প্রতারণামূলক’ বলে আখ্যা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এক বিবৃতিতে তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার ও সংবিধানের চেতনাকে উপেক্ষা করে আওয়ামী লীগবিহীন এবং ভোটারবিহীন একটি নির্বাচন আয়োজন করা হয়েছে।

বিবৃতিতে শেখ হাসিনা অভিযোগ করেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল, গোলাগুলি, ভোট কেনাবেচায় টাকার ছড়াছড়ি, ব্যালট পেপারে সিল প্রদান এবং ফলাফল শিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে ‘প্রহসনের সূচনা’ হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল থেকে সারাদেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।

তিনি নির্বাচন কমিশনের তথ্য উদ্ধৃত করে বলেন, সকাল ১১টা পর্যন্ত ভোটগ্রহণের হার ছিল মাত্র ১৪ দশমিক ৯৬ শতাংশ। ভোটগ্রহণের ‘উৎকর্ষ সময়ে’ মানুষের কম অংশগ্রহণকে সামনে রেখে শেখ হাসিনার দাবি, আওয়ামী লীগবিহীন এই নির্বাচনকে জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের আগের কয়েক দিন ধরে আওয়ামী লীগের ভোটার, সমর্থক-শুভানুধ্যায়ী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার হামলা, গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে এসব ‘ভয়ভীতি’ উপেক্ষা করে তারা এই ‘প্রতারণামূলক’ নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করা হয়।

এ অবস্থায় শেখ হাসিনা অবিলম্বে এই নির্বাচন বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ, সকল রাজবন্দির মুক্তি, আওয়ামী লীগের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান।