↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৪ পি.এম

উৎসুক জনতার সঙ্গে তারেক রহমানের কুশল বিনিময়, ভালোবাসার জন্য জানালেন কৃতজ্ঞতা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তাঁর প্রতি সাধারণ মানুষের দেখানো ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন।

জানা গেছে, জনাব তারেক রহমান জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ সময় তাঁর বাসভবনের সামনে অসংখ্য উৎসুক জনতা ভিড় জমান। নামাজে যাওয়ার পথে তিনি কিছু সময়ের জন্য নিজের গাড়ি থামান এবং নিজে গাড়ির দরজা খুলে উপস্থিত মানুষের সঙ্গে আলাপ করেন। তিনি অনেকের পরিচয় জানতে চান এবং তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় জনতার মধ্য থেকে অনেকে বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা আপনার সঙ্গে আছি।’ সাধারণ মানুষের এমন সমর্থনের উত্তরে বিএনপির চেয়ারম্যান তাঁদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।” এরপর তিনি নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। প্রায় দুই দশক পর দলটি আবারও সরকার গঠন করতে যাচ্ছে।

ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা হিসেবে জনাব তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি এবারের নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উভয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। নতুন সরকার গঠন ও দেশের পরবর্তী নেতৃত্বের বিষয়ে এখন দেশজুড়ে ব্যাপক আগ্রহ কাজ করছে।