↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৮ পি.এম

চূড়ান্ত ফলাফলের পর নতুন সরকারের অপেক্ষা: ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন দেশজুড়ে নতুন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) এখন পর্যন্ত বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে একক দল হিসেবে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়ী হয়েছে।

নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যরা শপথ নিতে পারেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরবর্তী দুই দিনের মধ্যে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই শপথ গ্রহণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নতুন সরকার।

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপির সংসদীয় দলের নেতা নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। প্রায় দুই দশক পর তাঁর নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে।

এদিকে, সংসদে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। প্রাপ্ত আসন অনুযায়ী জামায়াতের সংসদে প্রধান বিরোধী দল হওয়া প্রায় নিশ্চিত। তবে সংসদে দলটির চূড়ান্ত ভূমিকা কী হবে, তা সরকার গঠনের পর নির্ধারিত হবে বলে জানা গেছে। নতুন এই রাজনৈতিক সমীকরণের দিকে এখন তাকিয়ে আছে সারা দেশ।