চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ: নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে গ্রামের মো. কালামের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি বসে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন নিহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০) নামের তিনজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আহত ব্যক্তিরা ককটেল তৈরির কাজের সঙ্গেই জড়িত ছিলেন। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।