ভোটারদের প্রতি কৃতজ্ঞতা সালাহউদ্দিন আহমদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিপুল ভোটে জয়ী হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিজয়কে দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের ফসল হিসেবে উল্লেখ করেন।
সালাহউদ্দিন আহমদ তাঁর পোস্টে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরি এলাকার আপামর জনতা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আপনাদের অদম্য সাহস, ত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়; এটি জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দলিল।”
বিজয় উদযাপনে কর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়ে এই প্রবীণ রাজনীতিক লেখেন, “বিনয় হোক বিজয়ের অলংকার। বিজয় আমাদের উদ্ধত করে না; বরং দায়বদ্ধ করে তোলে।” তিনি কোনো প্রকার কৃত্রিম উন্মাদনায় না মেতে মহান রবের দরবারে শুকরিয়া আদায়ের পরামর্শ দেন এবং অহংকার যেন স্পর্শ না করে সেই প্রার্থনা করেন।
রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে একটি সমৃদ্ধ সমাজ গড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “রাজনৈতিক প্রতিযোগিতার অধ্যায় আজ সমাপ্ত; এখন সময় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের।” এ সময় তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে পাওয়া অভিনন্দন বার্তাকে সাধুবাদ জানান এবং রাজনীতির ময়দানে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের সংস্কৃতি অব্যাহত থাকার কামনা করেন।
পরিশেষে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের মর্যাদা সমুন্নত রাখার শপথ ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ। একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকারের পাশাপাশি উন্নয়ন ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি।