↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১১ পি.এম

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে চীন কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না। রোববার (২২ ফেব্রুয়ারি) নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেইজিং কোনো তৃতীয় পক্ষের প্রভাব বা হস্তক্ষেপ প্রত্যাশা করে না।

আলোচনায় বহুল আলোচিত তিস্তা প্রকল্প প্রসঙ্গটিও উঠে আসে। এ বিষয়ে জানতে চাওয়া হলে রাষ্ট্রদূত জানান, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিস্তা প্রকল্প নিয়ে কথা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি বলেন, অতীতেও দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফল সফর হয়েছে। বেইজিং আশা করছে যে, আগামীতেও একই ধরনের উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।