স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো ভুয়া ফটোকার্ড শনাক্ত করল ‘বাংলাফ্যাক্ট’

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ছড়িয়ে পড়া একটি ভুয়া মন্তব্য এবং ফটোকার্ড শনাক্ত করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ এই অপপ্রচারটি শনাক্ত করেছে।
অনুসন্ধানে দেখা গেছে, বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভি’র লোগো ও ডিজাইন ব্যবহার করে ফেসবুকে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘৫ আগস্টসহ সকল মবের মামলা করতে পারবে’। তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি। এমনকি নাগরিক টিভি কর্তৃপক্ষও তাদের প্ল্যাটফর্মে এ ধরনের কোনো ফটোকার্ড বা তথ্য প্রকাশ করেনি।
প্রকৃতপক্ষে, ‘দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামের একটি পুরনো ও প্রকৃত ফটোকার্ডকে ডিজিটাল কারসাজির মাধ্যমে বিকৃত করে এই অপপ্রচার চালানো হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের অভ্যন্তরের কিছু ফেসবুক পেজ থেকে এই অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে। এসব অপতৎপরতার লক্ষ্য মূলত সাবেক অন্তর্বর্তী সরকার এবং আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দল ও সংগঠন।
উল্লেখ্য, ‘বাংলাফ্যাক্ট’ হলো পিআইবি’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম, যারা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরতে কাজ করে যাচ্ছে। চলমান গুজব ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত দায়িত্ব পালন করছে।
সূত্রঃ যুগান্তর