↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পি.এম

পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের আসামি করার ঘোষণা প্রসিকিউশনের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া দীর্ঘ সময় পার করলেও এখনো বিস্ফোরক আইনের মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিনের আইনি জটিলতা ও আপিল প্রক্রিয়ার কারণে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার এবং কারাবন্দি আসামিদের এক চরম ধৈর্য পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর বোরহান উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, এই মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে। সাক্ষীদের জবানবন্দিতে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস, মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানকসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মামলা দায়ের করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বিস্ফোরক দ্রব্য আইনের এই মামলায় মোট আসামির সংখ্যা প্রায় সাড়ে ৮০০ জন। ১,২০০ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৩০০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই মামলার কয়েকশ আসামি আদালত থেকে জামিন লাভ করেছেন।

স্মরণ করা যেতে পারে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার সুরক্ষিত পরিবেশে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছিল। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে বিস্ফোরক মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়েই আটকে আছে।