দেশের বন্ধ শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি উদ্যোক্তাদের সহায়তায় পুনরায় চালুর সিদ্ধান্ত সরকারের।

দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে প্রাণসঞ্চার এবং বেকারত্ব দূরীকরণে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দীর্ঘদিনের রুগ্ন ও বন্ধ হয়ে থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে বন্ধ থাকা পাট ও চিনি কলগুলো পুনরায় সচল করে সেখানে দক্ষ ও অভিজ্ঞ পুরাতন শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই উদ্যোগ সম্পর্কে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কাজ শুরু করেছে। বেসরকারি বিনিয়োগকারীদের এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে যাতে আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির সমন্বয়ে কারখানাগুলো লাভজনকভাবে পরিচালিত হতে পারে।
সরকারের এই নির্দেশনায় দেশের শিল্প খাতে নতুন আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি খাতের রুগ্ন শিল্পগুলো সচল হলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি আয়েও ইতিবাচক প্রভাব পড়বে। প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপ দেশের শিল্পায়ন ও বেকারত্ব নিরসনে এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।