↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০২ এ.এম || প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩২ পি.এম

‘সবার ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই’: টাঙ্গাইলে তথ্যপ্রযুক্তিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। সরকার চায় বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেটের সুবিধা পৌঁছে দিতে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে নির্বাচিত হওয়ার পর মন্ত্রী হিসেবে এটিই ছিল তাঁর প্রথম টাঙ্গাইল সফর।

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন যেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি হাইস্পিড যানবাহনেও সাধারণ মানুষের জন্য ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হয়। আমরা এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি।”

তিনি আরও জানান, দেশের তিনটি বড় টেকপার্কে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য জোরালো প্রচেষ্টা চলছে। ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করে একটি জনবান্ধব সরকার হিসেবে নিজেদের প্রমাণ করতে চায় বর্তমান প্রশাসন। নিজের জেলা সম্পর্কে তিনি বলেন, টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।