↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১ মার্চ ২০২৬, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ১ মার্চ ২০২৬, ৪:০৯ এ.এম

খামেনি নিহত হওয়ার দাবি ইসরায়েলের, বেঁচে আছেন ও নিরাপদ বলে দাবি ইরানের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান ও মৃত্যু নিয়ে বৈশ্বিক গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইসরায়েল তাকে মৃত দাবি করলেও ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি জীবিত এবং বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্যের দ্বিমুখী চিত্র উঠে আসে। এর আগে রয়টার্স একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ এবং টাইমস অব ইসরায়েলসহ বেশ কিছু সংবাদমাধ্যমও দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করে।

অন্যদিকে, তেহরান-সংযুক্ত একাধিক সংবাদমাধ্যম ইসরায়েলের এই দাবিকে নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে, খামেনি এখনো বেঁচে আছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আলম জানিয়েছে, শিগগিরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সর্বোচ্চ নেতা।

উদ্ভূত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরানের প্রায় সব শীর্ষ কর্মকর্তা জীবিত ও সুস্থ আছেন এবং তারা বর্তমানে নিরাপদ স্থানে অবস্থান করছেন। তবে খামেনির বর্তমান সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত তথ্য দেয়নি।