বিশ্ববাজারে বড় সংকটের আশঙ্কা: কৌশলগত ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’র বরাতে জানানো হয়েছে, কৌশলগত গুরুত্ব বিবেচনা করে ইরান এই কঠোর পদক্ষেপ নিয়েছে। আইআরজিসি-র পক্ষ থেকে ইতিমধ্যে আন্তর্জাতিক জাহাজগুলোকে বার্তা পাঠানো হয়েছে যে, এখন থেকে কোনো ধরনের নৌযানকে এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না।
হরমুজ প্রণালী ভৌগোলিকভাবে ইরানের দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটি বিশ্বের প্রধান জ্বালানি টানেল হিসেবে পরিচিত, কারণ বিশ্বের মোট উৎপাদিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ বা পাঁচ ভাগের এক ভাগ এই সংকীর্ণ পথ দিয়েই গন্তব্যে পৌঁছায়। ফলে এই পথ বন্ধ হওয়ার অর্থ হলো বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয়।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) জানিয়েছে, তারা একাধিক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে ইরানের এই সতর্কবার্তার বিষয়টি নিশ্চিত হয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকলে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে অচলাবস্থা তৈরি হতে পারে।