↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ১ মার্চ ২০২৬, ২:২৮ পি.এম

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুকে ‘শাহাদৎ বরণ’ হিসেবে অভিহিত করে জামায়াত আমিরের গভীর শোক প্রকাশ।

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি খামেনির মৃত্যুকে ‘শাহাদৎ বরণ’ হিসেবে বর্ণনা করেন।

শফিকুর রহমান তার পোস্টে লিখেছেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের এই শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন।” উল্লেখ্য, শনিবার তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যু হয়, যার প্রেক্ষিতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক চলছে।

জামায়াত আমির সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে। তিনি মনে করেন, কোনো অতিরিক্ত সামরিক উত্তেজনা শুধু একটি দেশকেই নয়, বরং পুরো অঞ্চলকে একটি ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আসন্ন রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের হামলা মুসলিম বিশ্বের সাধারণ মানুষকে গভীরভাবে আহত ও ক্ষিপ্ত করবে, যা বৈশ্বিক শান্তির জন্য নতুন হুমকি সৃষ্টি করবে।

বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সাধারণ জনগণের সুরক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার দাবি জানান। একই সাথে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন ডা. শফিকুর রহমান।