সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মঙ্গলবার (৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রাপ্ত একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত সোমবার (২ মার্চ) দেশের সব ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যাংক হিসাব খোলার ফরম, শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত যাবতীয় লেনদেন বিবরণীসহ প্রয়োজনীয় সব তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। গত বছরের ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি এবং মাহফুজ আলম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন।
কুমিল্লার মুরাদনগরের আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করা আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে নবগঠিত রাজনৈতিক দল এনসিপির মুখপাত্র হিসেবে সক্রিয় রয়েছেন।