↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৪ মার্চ ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ৪ মার্চ ২০২৬, ১:০৫ এ.এম

ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: আইএইএ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও ইরানে কোনো সমন্বিত পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির প্রমাণ পাননি জাতিসংঘের পরিদর্শকরা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্প্রতি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাফায়েল গ্রোসি জানান, সংস্থাটি ইরানে ‘পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পদ্ধতিগত ও কাঠামোবদ্ধ কর্মসূচির উপাদান’ শনাক্ত করতে পারেনি। তবে তিনি এটি নিশ্চিত করেছেন যে, তেহরান ইতিমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। এই মাত্রা সাধারণ বেসামরিক জ্বালানি প্রয়োজনের তুলনায় অনেক বেশি বলে উল্লেখ করেন তিনি।

আইএইএ প্রধানের মতে, পরিদর্শকরা এখনো এমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান নিশ্চিতভাবে বোমা তৈরির উদ্দেশ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। তবে এই বিশাল মজুতকরণ আন্তর্জাতিক মহলে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বিষয়টিকে ‘উদ্বেগের মূল উৎস’ হিসেবে চিহ্নিত করে বলেন, এই মাত্রায় উপাদান জমা করার কোনো স্পষ্ট বেসামরিক উদ্দেশ্য নেই।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো নিরবচ্ছিন্নভাবে ইউরেনিয়াম উৎপাদন করে যাচ্ছে। তাত্ত্বিকভাবে এই মজুত দিয়ে ১০টির বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরি করা সম্ভব। তবে বর্তমানে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র আছে কি না—এমন প্রশ্নের জবাবে গ্রোসি স্পষ্ট ভাষায় বলেন, ‘না’।