↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৫ মার্চ ২০২৬, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ৪ মার্চ ২০২৬, ৬:৪৪ পি.এম

যুক্তরাষ্ট্রকে ইরান সংকট দ্রুত কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতা ও ইরান সংকট নিরসনে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার (৪ মার্চ) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।” চলমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন যে, যুদ্ধ বন্ধের বিষয়টি এখন আর শুধু যুক্তরাষ্ট্রের একার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এই যুদ্ধের সম্ভাব্য অর্থনৈতিক প্রতিক্রিয়া বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিন দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনে পল কাপুর পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও আলোচনা করেন। এছাড়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও একটি নৈশভোজে অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিষয়ে ওঠা সমালোচনার জবাব দিয়ে খলিলুর রহমান বলেন, নির্বাচনের আগে তাড়াহুড়ো করে কোনো চুক্তি করা হয়নি। বরং এনসিপি ও জামায়াতে ইসলামীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।