বিদ্যুৎহীন পুরো ইরাক; দ্রুত দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে পুরো ইরাক অন্ধকারে নিমজ্জিত হয়েছে। দেশটির সবকটি প্রদেশে পাওয়ার গ্রিড বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। এই চরম অস্থিরতার মধ্যেই বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের ‘যত দ্রুত ও নিরাপদে সম্ভব’ ইরাক ত্যাগের পরামর্শ দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (৪ মার্চ) ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানায়, কারিগরি ত্রুটি বা অন্য কোনো কারণে পুরো দেশের পাওয়ার গ্রিড ব্যবস্থা ভেঙে পড়েছে। এই গণ-ব্ল্যাকআউটের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে সরকার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিদ্যুৎহীনতার সুযোগে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ওয়াশিংটন। দূতাবাস থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকরা যেন অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকেন এবং সুযোগ পাওয়া মাত্রই ইরাক ত্যাগ করেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তজনা এবং অভ্যন্তরীণ এই বিদ্যুৎ বিপর্যয় ইরাকের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে যে, নাগরিকদের সুরক্ষার খাতিরেই এই তড়িৎ প্রস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে।