খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রিকশাচালক আহত

খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে হাবিবুর রহমান (২০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়ার মুজাহিদপাড়া রহমতিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত হাবিবুর রহমানকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা অন্য কোনো ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় রিকশাচালক হাবিবুর রহমানের গায়ে গুলিটি লাগে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।