↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৬ মার্চ ২০২৬, ৭:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ৫ মার্চ ২০২৬, ৯:১৯ এ.এম

দুবাইয়ে আটকে পড়া ৩৭৮ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া ৩৭৮ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে এই বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়। ইউএস-বাংলা একে একটি ‘মানবিক দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছে।

বিশেষ এই ফ্লাইটে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুও ফিরে এসেছেন। ফ্লাইট স্থগিত হওয়ায় তারা দীর্ঘদিন দুবাইয়ে আটকে ছিলেন, যা তাদের পরিবার-পরিজনের মধ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি করেছিল। ইউএস-বাংলা জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিমানের ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের দুশ্চিন্তা লাঘব করতে পেরে তারা গর্বিত।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতা বিরাজ করায় অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। ফলে অনেক প্রবাসী বাংলাদেশি সেখানে আটকা পড়েন। এমন পরিস্থিতিতে ইউএস-বাংলার এই বিশেষ অভিযান প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।