‘গল্প এখানেই শেষ নয়, খামেনির শাহাদাতের বড় মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে লারিজানির হুঁশিয়ারি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, চলমান সংঘাতের ‘গল্প এখানেই শেষ নয়’। বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত কয়েকদিনের লড়াইয়ে এ পর্যন্ত ৫০০-এর বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।
লারিজানি তার পোস্টে অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ভাড়ামিপূর্ণ’ আচরণের দ্বারা প্রভাবিত হয়ে আমেরিকার জনগণকে ইরানের বিরুদ্ধে একটি অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পকে এখন হিসাব করতে হবে যে যুক্তরাষ্ট্রের কাছে কি নিজ দেশ আগে নাকি ইসরায়েল।
গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার পরিবারের সদস্যসহ নিহত হওয়ার পর তেহরান এই কঠোর অবস্থান নিল। উল্লেখ্য, ওই হামলায় দক্ষিণ ইরানের মিনাব শহরে ১৬৫ জন স্কুলশিশুর মৃত্যুতে ইরানজুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। লারিজানি স্পষ্টভাবে জানিয়েছেন, খামেনির শাহাদাতের জন্য যুক্তরাষ্ট্রকে ইনশাআল্লাহ বড় মূল্য দিতে হবে।
তবে লারিজানির এই দাবির বিপরীতে পেন্টাগন এখন পর্যন্ত মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এদিকে ইরান ওমানের মধ্যস্থতায় দেওয়া আলোচনার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে। সোমবার এক বিবৃতিতে লারিজানি স্পষ্ট করে বলেন, ইরান কোনো আলোচনায় বসবে না এবং তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। বর্তমানে তেহরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নেওয়া শুরু করেছে।