↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৬ মার্চ ২০২৬, ৮:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ৬ মার্চ ২০২৬, ২:৩০ এ.এম

জ্বালানি সংকটের শঙ্কা: দেশজুড়ে সাশ্রয়ী হওয়ার জরুরি নির্দেশনা সরকারের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস, বিদ্যুৎ ও তেলের ব্যবহার সাশ্রয়ী করার লক্ষ্যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। বুধবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববাজারের অস্থিতিশীলতার কারণে জ্বালানি আমদানিতে সম্ভাব্য অনিশ্চয়তা মোকাবিলায় এখন থেকেই পূর্বপ্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এর অংশ হিসেবে সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দেশের সব নাগরিককে অবিলম্বে জ্বালানি সাশ্রয়ে কার্যকর ভূমিকা নিতে বলা হয়েছে। রান্নার ক্ষেত্রে অপ্রয়োজনীয় গ্যাস ব্যবহার বন্ধ করা, পাইপলাইনের লিকেজ মেরামত এবং অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পরিবহন খাতে জ্বালানি তেলের ব্যবহার কমাতে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতা কমিয়ে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। একই গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে ‘কার-পুলিং’ বা গাড়ি শেয়ারিং ব্যবস্থাকে উৎসাহিত করার পাশাপাশি খুব জরুরি প্রয়োজন ছাড়া দূরপাল্লার যাতায়াত সীমিত করার কথা বলা হয়েছে।

এছাড়া, সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলাকালীন বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং অফিস পরবর্তী সময়ে সব বৈদ্যুতিক সরঞ্জাম ও আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। জাতীয় এই সংকটকালীন সময়ে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে সরকার।