↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ মার্চ ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ৭ মার্চ ২০২৬, ২:২৫ এ.এম

ইরানের ড্রোন মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব জেলেনস্কির

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইরানের তৈরি শাহেদ ড্রোন মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে কারিগরি ও কৌশলগত সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ইউক্রেন। বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলেনস্কি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ইরানি ড্রোনের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ইউক্রেনের অভিজ্ঞতা ও পরামর্শ চেয়েছে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধে ইরানের শাহেদ ড্রোনের আক্রমণ মোকাবিলায় ইউক্রেনীয় বাহিনী দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে, যা এখন মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে কাজে লাগাতে চায় ওয়াশিংটন।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, তিনি সাম্প্রতিক দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সাথে সম্ভাব্য সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে কথা বলেছেন। তিনি ইতিমধ্যে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের প্রয়োজনীয় সরঞ্জাম ও পরামর্শ দিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

তবে এই সহায়তার ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, “ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনীয় সহায়তা কেবল তখনই প্রদান করা হবে যদি এটি আমাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল না করে এবং যদি এটি রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের কূটনৈতিক প্রচেষ্টায় শক্তি যোগায়।” তিনি স্পষ্ট করেন যে, যারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ন্যায্য যুদ্ধে সাহায্য করছে, ইউক্রেনও তাদের রক্ষায় এগিয়ে আসবে।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তজনার প্রেক্ষাপটে জেলেনস্কির এই প্রস্তাবকে রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, ইউক্রেনের ‘ব্যাটল-টেস্টেড’ ড্রোন প্রতিরক্ষা প্রযুক্তি যুক্তরাষ্ট্রের জন্য বড় সহায়ক হতে পারে।